যে শ্রেণিকক্ষে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা শিশুদের, সেই শ্রেণিকক্ষের ছাদে আটকে থাকে তাদের চোখ। কখন খসে পড়ে পলেস্তারা, কখন ভেঙে পড়ে ছাদ— এই আতঙ্ক নিয়েই প্রতিদিন ক্লাস করতে হচ্ছে তাদের। অবশ্য ‘ঝুঁকি কমাতে’ ছাদের নিচে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি। কিন্তু তাতেও কাটেনি ভয়। বরং সেই ভয়েই সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না অনেক অভিভাবক।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ২৪ নম্বর দক্ষিণ পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের কয়েকটি শ্...