চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড় স্রেফ কোনো ভৌগোলিক ভূখণ্ড নয়; এটি আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য প্রাণপ্রবাহ। এই অঞ্চল দেশের গুরুত্বপূর্ণ জলাধার, জীববৈচিত্র্যের অফুরন্ত ভাণ্ডার, জলবায়ু সহনশীলতার অকৃত্রিম প্রাকৃতিক ঢাল এবং বহু মানুষের জীবিকার মূল ভিত্তি। অথচ কয়েক দশক ধরে আমরা পাহাড়কে প্রকৃতির উপহার হিসেবে নয়, বরং শুধু সম্পদ আহরণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে চলেছি। এর অবশ্যম্ভাবী ফল আজ আমাদের চোখের সামনে দৃশ্যমান— নির্বিচারে বন উজাড়, পাহাড়ের মাটি ক্ষয়, ঝিরি-ছড়ার প্রাকৃতিক প্রব...