তিনি ছিলেন আমাদের প্রিয়জন, বন্ধু ও নানা আন্দোলন-সংগ্রামের সাথি। তিনি আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বলে তাকে আমরা সারথি হিসেবে মেনে নিয়েছিলাম। গত শতাব্দীর আশি ও নব্বই দশকে আমরা শুধু লেখালেখি নিয়ে মেতেছিলাম। আন্দোলন-সংগ্রামে সহযোদ্ধা ছিলাম, বিশেষ করে স্বৈরাচার হটাও আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া আর আমি ছিলাম সবসময় আখতার হুসেনের সঙ্গে একাত্ম। কি লেখালেখি, কি আন্দোলন-সংগ্রাম; আমরা কখনো কাছছাড়া হতাম না। এমনও দেখা গেছে, কোনো একটা বিষয় ধরে আমরা লেখালেখি শুরু করতাম।...