অনিয়মের শুরুটা প্রায় তিন দশক আগে। ১৯৮৩ সালের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উত্তর নীলক্ষেত আবাসিক এলাকার ২৮ নম্বর ভবনে ছিল রেশন শপ। পরে সেটি বন্ধ হয়ে যায় সরকারি সিদ্ধান্তে, ভাঙা পড়ে ভবনটিও। এরপর তৎকালীন উপাচার্যের মৌখিক অনুমতিতে ১৯৯৬ সালের দিকে সমবায় স্টোরকে সরিয়ে নেওয়া হয় ৮১/এ নম্বর ফ্ল্যাটে। সেই থেকে শুরু। এরপর কেটে গেছে ২৮ বছরেরও বেশি সময়। অথচ এক টাকাও ভাড়া দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় সমবায় সমিতি। অথচ সেখানে চলেছে মুদি দোকান, লন্ড্রি ব্যবসা ও নিজস্ব অফিস। অনিয়ম শুধু সীমাবদ্ধ থাকেনি ভাড...