যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ১৯৭১ সালের ২৪ নভেম্বর, ঘটেছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং দুঃসাহসিক অপরাধগুলোর একটি। থ্রিলার সিনেমার গল্পকেও হার মানানো এ ঘটনার খলনায়ক ছিলেন ছদ্মনামে এক ব্যক্তি, যাকে পুরো বিশ্ব চেনে ‘ডিবি কুপার’ নামে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের ইতিহাসে এটিই একমাত্র বিমান অপহরণের ঘটনা, যার রহস্য গত সাড়ে পাঁচ দশকেও উন্মোচিত হয়নি।ঘটনার শুরু পোর্টল্যান্ড থেকে সিয়াটেলগামী নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইনসের ৩০৫ নাম্বার ফ্লাইটে। উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝবয...