ঠোঁট ফাটা বা ঘা যেকোনো ঋতুতেই হতে পারে, তবে শীত ও শুষ্ক মৌসুমে এ সমস্যা বেশি দেখা যায়। এটি সাধারণ সমস্যা হলেও কখনো অন্য চর্মরোগের লক্ষণ হতে পারে। তখন এর সঙ্গে ঠোঁটে প্রদাহ, লালচে ভাব, ফোলা, ফাটল, চামড়া ওঠা, চুলকানি, ব্যথা এমনকি রক্তপাতও হতে পারে।
কেন হয়: আবহাওয়ার শুষ্কতা, বারবার জিহ্বা বা লালা দিয়ে ঠোঁট চাটা, দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো, টুথপেস্ট, মাউথওয়াশ, লিপবাম, লিপস্টিক ও অন্যান্য প্রসাধনী ব্যবহারে এ সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা বাতাস এবং কিছু ফল খাওয়ার পরও ঠোঁটে প্রতিক্রিয়া দেখা দিতে পারে।...