বাইরের কোলাহল আর রিকশার টুংটাং আওয়াজ থেমে যায় ভবনটির ভেতরে পা রাখতেই। পুরান ঢাকার ইসলামপুরের ঘিঞ্জি হাঁকডাকের মধ্যেও এখানে সব শোর-সরাবত মিলিয়ে যায় এক নিমেষেই। শীর্ণ দেয়ালে হাত বোলালে আজও যেন টের পাওয়া যায় এক বৃদ্ধা নারীর স্নেহের পরশ। নীল পাড়ের সাদা সুতি শাড়িতে জড়ানো সেই পরম মমতাময়ী মাদার তেরেসা।
১৯৭২ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের আকাশের একদিকে ছিল বিজয়ের আনন্দ, অন্যদিকে স্বজন হারানোর গুমোট শোক। রক্তক্ষয়ী যুদ্ধের তাণ্ডবে চারদিকে তখন যুদ্ধশিশুর আর্তনাদ আর পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকা...