খাদ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রশাসনিক অস্থিতিশীলতা ও মাঠ পর্যায়ে সারের তীব্র সংকট— এ দুটি ঘটনাকে পৃথকভাবে দেখার কোনো সুযোগ নেই। বাহ্যিকভাবে এদের ভিন্ন ক্ষেত্র মনে হলেও উভয়সংকটের মূল শিকড় এক ও অভিন্ন। আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় নীতিনির্ধারণী স্থায়িত্বের যে অভাব রয়েছে, তারই প্রতিফলন ঘটছে দেশের কৃষি ও খাদ্য খাতে।
সম্প্রতি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের ধলডাঙ্গা বাজারের একটি সরকারি গুদামের দরজা ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনাটি সারা দেশের জন্য এক বিরাট সতর্কবার্তা। আইনগত ও সামা...