বাড়ির উঠানে মাদুর পেতে বসেছেন একদল নারী। কারও হাতে কচুরিপানা, কেউ বুনছেন ঝুড়ি, কেউ তৈরি করছেন ব্যাগ। সংসারের কাজের ফাঁকে এমন ব্যস্ততা এখন নিয়মিত দৃশ্য রংপুরের কয়েকটি গ্রামে। একসময় যে নারীদের দিনের বড় অংশ কাটত ঘরের কাজ আর অভাবের চিন্তায়, এখন তাদের হাতে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পণ্য। এসব কারুপণ্য শুধু দেশের বাজারেই থাকছে না, যাচ্ছে ইউরোপ, ইতালি, ব্রাজিল, জাপানসহ বিভিন্ন দেশে।
এই পরিবর্তনের পেছনে রয়েছেন উদ্যোক্তা রেজাউল করিম। কচুরিপানা, হোগলাপাতা, জলপাতা, বাঁশ ও পাটের মতো সহজলভ্য প্রাকৃতিক উপকরণ দি...