সুদীর্ঘ পাঠান এবং মুঘল শাসনামলে ভারতবর্ষের কোথাও উগ্রসাম্প্রদায়িকতা খুঁজে পাওয়া যায় না। বরং ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সময় হিন্দু ও মুসলিম সিপাহিরা দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। ধূর্ত ব্রিটিশ ভারতবাসীর ঐক্যকে বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে। কালক্রমে তারা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে সাফল্য খুঁজতে থাকে। এখানে খুবই আশ্চর্যের সঙ্গে লক্ষ করা যায়, ইংল্যান্ড প্রত্যাগত কিছু উচ্চশিক্ষিত লোকের মাধ্যমে এই বীজ বপন করা হয়। ভাবতে অবাক লাগে, উচ্চশিক...