বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগে জয়েন করেছি এ বছর। পরিবার সঙ্গে নেই। মন বিক্ষিপ্ত। প্রথম কিছুদিন শহরের ভেতর ছোটখাটো পার্কে ঘুরে বেড়িয়েছি। ঝকঝকে যত্নআত্তির ছাপ সবখানে। ভিড়বাট্টা নেই। বেইজিং শহরটাই বিশাল।
জুলাই-আগস্টের চিড়বিড়ানো গরম পেরিয়ে সেপ্টেম্বরে দুম করে শরৎ এসে পড়ল। কিছুদিন যেতেই হঠাৎ একদিন বাংলাদেশ থেকে তিন হাজার কিলোমিটার দূরের বেইজিংয়ে পেতে শুরু করলাম শীতের গন্ধ, শৈশবের গন্ধ! নাসিকারন্ধ্র হয়ে সেই গন্ধ সোজা আঘাত করল মগজের অ্যামিগডালায়, যেখানে কাতর হওয়ার মতো স্মৃতিগুলো ঘাপটি মের...