অলিম্পিকে পদত্যাগের হিড়িক

সংগৃহীত ছবি
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পদত্যাগের হিড়িক লেগেছে। মঙ্গলবার এক সহ-সভাপতিসহ তিনজন পদত্যাগ করেন। আজ বুধবার একজন উপ-মহাসচিবসহ আরও তিনজন নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ পদত্যাগ পত্র জমা দেন উপ-মহাসচিব ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং নির্বাহী সদস্য ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম।
আগের দিন পদত্যাগ করেছিলেন সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা, দুই নির্বাহী সদস্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি রুম্মন বিন ওয়ালী সাব্বির এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
ধারণা করা হচ্ছে আগামীকাল ৩৭ সদস্যের কমিটি থেকে আরও কয়েকজন সরে দাঁড়াতে পারেন।
সবাই ব্যক্তিগত কারণ দেখালেও বিওএ'র দুই বিতর্কিত কর্মকর্তা মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ-সভাপতি ইমরোজ আহমেদের বিরুদ্ধে অনাস্থা এনে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এই কর্মকর্তারা।



