১৩ বছরেই এশিয়ান গেমসে ২ সোনা জয়ের কীর্তি

চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি। ছবি: রয়টার্স
এশিয়ান গেমসের সুইমিং পুলে ঝড় তুলেছে চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি। ২০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলে ইভেন্টে সোমবার সোনা জিতেছে এ বিস্ময় বালিকা। তাতে হয়েছে নতুন এশিয়ান রেকর্ডও।
টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ইউ জিদি সময় নেয় ২ মিনিট ০৬.১০ সেকেন্ড, যা এশিয়ান গেমসের রেকর্ড। তার পেছনে থেকে দ্বিতীয় হওয়া ইউ ইতিংয়ের আগের এশিয়ান রেকর্ডটি ছিল ২ মিনিট ০৬.৮২ সেকেন্ড। এই ইভেন্টের বিশ্বরেকর্ড ২০ বছর বয়সী ম্যাকইনটশের ২ মিনিট ০৫.৭০ সেকেন্ড। সেই রেকর্ডের চেয়ে মাত্র মাত্র ০.৪ সেকেন্ডে পিছিয়ে ছিল ইউ জিদি।
রবিবার ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও সোনা জিতেছিল ইউ জিদি। এ নিয়ে ১৩ বছরের এই চীনা সাঁতারু এশিয়ান গেমসে জিতেছে দুটি সোনা। নিজের সাফল্যে উচ্ছ্বসিত সে, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। এই অর্জন আমাদের পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। প্রথম সোনার চেয়ে দ্বিতীয়টি আমাকে বেশি আনন্দ দিয়েছে।’
চীনেরই ইউ ইতিংয়ের এশিয়ার রেকর্ডটি ভাঙলেও তার প্রশংসা ঝরেছে ইউ জিদির কণ্ঠে, ‘সে ভীষণ শক্তিশালী প্রতিপক্ষ। আমাকে আরও ভালো করার এবং কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা দেয় সে।’
মাত্র ১৩ বছর বয়সেই এশিয়ার দ্রুততম নারী সাঁতারু হয়ে ওঠার পর ইউ জিদিকে নিয়ে একটাই প্রশ্ন— লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সে আরও কতটা চমক দেখাবে! প্যারিস অলিম্পিকে ২০০ ও ৪০০ মিটার মিডলেতে জোড়া সোনা জেতা ম্যাকইনটশের সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা তার।
এর আগে ১২ বছর বয়সে সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে দলে ব্রোঞ্জ জিতে সর্বকনিষ্ঠ পদকজয়ী হওয়ার রেকর্ড গড়েছিল ইউ জিদি। বয়স কম হলেও হংকংয়ের অভিজ্ঞ সাঁতারু সিওভান হগি মনে করেন, ইউ অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত।
গতকাল ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতার পর ২৮ বছর বয়সী সাঁতারু সিওভান হগি বললেন, ‘আমার মনে হয়, ও বড় আসরের চাপ খুব ভালোভাবেই সামলাতে পারছে। ও এটি ধরে রাখতে চাইলে অবশ্যই পারবে। একদিক থেকে মনে হয়, ওদের তুলনায় আমার বয়স দ্বিগুণ হয়ে গেছে কিন্তু আমি তো এখনো লড়াইয়ে টিকে আছি— তাই না। নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করি আমি।’




