রেকর্ড প্রাইজমানিতে ইতিহাস গড়ছে ইউএস ওপেন

সংগৃহীত ছবি
বাকি তিন গ্র্যান্ড স্ল্যামের চেয়ে ইউএস ওপেনের প্রাইজমানি বরাবরই বেশি। তবে এবার এই টুর্নামেন্টের প্রাইজমানি গড়বে নতুন রেকর্ড। গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি পেতে যাচ্ছেন এবারের ইউএস ওপেনের বিজয়ী খেলোয়াড়।
ইউএস ওপেনের বিজয়ী খেলোয়াড় পাবে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬৭ কোটি ২৮ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এই মেজর টুর্নামেন্টের প্রাইজমানি রেকর্ড ১০৮ মিলিয়ন ডলার, গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি এবং ২০২৪ সালের পর থেকে ৪৪ শতাংশ বেশি।
ইউএস টেনিস অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এই ঘোষণা দিল। ১২৮ জনের একক মূল পর্বে উঠতে পারলেই টেনিস ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলার পাবেন প্রত্যেক খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালিস্টের হাতে উঠবে ৭ লাখ ৮০ হাজার ডলার, সেমিফাইনালিস্ট পাবেন সাড়ে ১৪ লাখ ডলার এবং রানারআপ ২৮ লাখ ডলার।
গতবার দুই চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারেজ ৫ মিলিয়ন ডলার করে প্রাইজমানি পেয়েছিলেন। গতবার সর্বমোট প্রাইজমানি ছিল ৯০ মিলিয়ন ডলার।






