অল্পের জন্য পদক হাতছাড়া করলেন রাকিব

সংগৃহীত ছবি
গ্লাসগো কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান প্রতিযোগী জাই ডিকসনের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের একমাত্র পদকপ্রত্যাশী বক্সার রাকিব হোসেন। রিংয়ে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল তার। সেমিতে পৌঁছাতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হতো রাকিবের।
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত ৫৫ কেজি ওজন শ্রেণীর ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন রেড কর্নারে থাকা অজি বক্সার ডিকসন। প্রথম রাউন্ডেই পাঁচ বিচারকের সর্বসম্মত রায়ে (১০-৯ পয়েন্টে) এগিয়ে যান তিনি।
দ্বিতীয় রাউন্ডেও সেই আক্রমণের ধারা বজায় রাখেন ডিকসন। অজি বক্সারের একের পর এক জোরালো পাঞ্চ সামলাতে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা রাকিব। এই রাউন্ডেই তাকে দুইবার কাউন্টের মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত খেলোয়াড়ের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্বিতীয় রাউন্ডের ২ মিনিট ১৪ সেকেন্ডে ম্যাচ থামিয়ে দেন রেফারি। ‘রেফারি স্টপস কনটেস্ট’ নিয়মে ডিকসনকে বিজয়ী ঘোষণা করা হয়।
চলতি গেমসে বাকি অ্যাথলেটদের টানা ব্যর্থতার পর রাকিবকে ঘিরেই জেগেছিল বাংলাদেশের পদকের একমাত্র আশা। কিন্তু শেষ আটের এই হারে শেষ হলো সেই মিশনও। এর আগে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ও শিরিন আক্তার, সাঁতারে সামিউল ইসলাম রাফি এবং নারী বক্সিংয়ে জিনাত ফেরদৌস শুরুতেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন।




