বাংলাদেশের কাছে হারের পর ঘুরে দাঁড়াল নেপাল

সংগৃহীত ছবি
চার জাতি হ্যান্ডবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছিল নেপাল। সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে নেপাল। বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশন্স ট্রফি (এশিয়া জোন–২)-এ আজ মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছে দলটি। নেপালের জয়ে ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন বিমলা তামাং। ক্যারিয়ারে প্রথমবার এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসও লুকাননি তিনি।
ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। বিরতিতে ১২-১১ গোলে এগিয়ে ছিল নেপাল। দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়িয়ে ব্যবধান বাড়ায় তারা। শেষ পর্যন্ত ছয় গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হিমালয়ের দেশটি।
নেপালের হয়ে সর্বোচ্চ ৭ গোল করেছেন বিমলা। কল্পনা ওলি ও উমা রাইয়ের গোল ৪টি করে। মালদ্বীপের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইশাত ইবা আহমেদ।
ম্যাচসেরার পুরস্কার পেয়ে তিনি বললেন, ‘ম্যাচ কিছুটা কঠিন ছিল, তবে দলের সবার প্রচেষ্টায় আমরা সফল হতে পেরেছি। ক্যারিয়ারে এই প্রথমবার আমি প্লেয়ার অব দ্য ম্যাচ স্বীকৃতি পেলাম। আমি ভীষণ আনন্দিত।’
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে নেপাল। শিরোপার লড়াইয়ে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হাসিমুখে বিমলা বলেন, ‘দেখা যাক, আশা তো সবসময়ই থাকে।’
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর দলের মানসিক অবস্থা নিয়েও কথা বলেছেন বিমলা। পরাজয়ে হতাশা থাকলেও তা দলকে ভেঙে দেয়নি, বরং পরের ম্যাচগুলোতে ভালো করার তাগিদ বাড়িয়েছে বলে জানান তিনি। বিমলা বলেছেন, ‘প্রথম ম্যাচটি হেরে যাওয়ার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়িনি। কিছুটা খারাপ লাগা তো ছিলই, কিন্তু আমাদের মাথায় ছিল সামনে আরও ম্যাচ আছে। আজকের ম্যাচ এবং পরের ম্যাচগুলোতে আরও ভালো করতে হবে—এই চিন্তা আমাদের দলকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছিল।’




