অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি
চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন
অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলের এশিয়া কাপের শুরুটা হয়েছিল চীনের কাছে হেরে। আজ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছেও হারলেন হকির যুবারা। পুল ‘বি’র দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া বাংলাদেশের যুবাদের হারিয়েছে ৪–২ গোলে।
প্রথম কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান। প্রথম ১৫ মিনিটে কোনো গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে মালয়েশিয়া। দুই গোল করে এগিয়ে যায় তারা। ২৪ মিনিটে আবদুল্লাহর গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ২–১ গোলে এগিয়ে ছিল মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে মাহাদী হাসান অভির ফিল্ড গোলে ২–২ সমতা ফেরায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ম্যাচের ব্যবধান গড়ে দেন সুজাইনি ফাহমি। ৪৮ ও ৫১ মিনিটে দুই গোল করে বাংলাদেশকে হারান তিনি।
জুনিয়র এশিয়া কাপে এ নিয়ে নবমবার খেলছে বাংলাদেশ। বাংলাদেশের সেরা সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।
এবারের মিশনে চীনের কাছে প্রথম ম্যাচে ভালো খেলেও ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। আজও একটা সময় পর্যন্ত পাল্লা দিয়ে খেললেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় যুবাদের।





