টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশকে সমর্থন ইংল্যান্ডের সাবেক অধিনায়কের

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনা চলছেই। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি তাদের অনুরোধ রাখেনি। এই অবস্থায় লিটন দাসদের পাশে দাঁড়ায় পাকিস্তান সরকার। বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এবার আইসিসি ও ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য বাংলাদেশের প্রশংসা ঝরল নাসের হুসেইনের কণ্ঠে।
সাবেক ইংল্যান্ড এই অধিনায়ক আইসিসি বা ভারতের চাপে মাথা নত না করায় বাংলাদেশের প্রশংসা করেছেন। তার মতে, বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক। স্কাই স্পোর্টসে মাইকেল আথারটনের সঙ্গে আলোচনায় নাসের বলেছেন, “বাংলাদেশের নিজেদের অবস্থানে অটল থাকা আমার বেশ ভালো লেগেছে। তারা নিজেদের ক্রিকেটার ফিজের (মুস্তাফিজ) পাশে দাঁড়িয়েছে।”
বাংলাদেশকে সমর্থন দিয়ে ক্রিকেট থেকে রাজনীতি সরানোর প্রথম পদক্ষেপ পাকিস্তান নিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার, “পাকিস্তানকেও ভালো লেগেছে, যদিও জানি এটা রাজনৈতিক, তবু ভালো লেগেছে বাংলাদেশের পাশে থেকেছে পাকিস্তান। কোনও একটা পর্যায়ে কাউকে তো বলতে হবে, ‘যথেষ্ট রাজনীতি হয়েছে, এখন কি আমরা ক্রিকেট খেলাটায় ফিরে যেতে পারি?’ একমাত্র যেদিক থেকে পাকিস্তান আঘাত করতে পারে আইসিসিকে কিংবা ভারতকে- সেটা হলো অর্থ; ভারত-পাকিস্তান ম্যাচের অর্থ দিয়ে। এটিই একমাত্র পথ।”
গত এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো, এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়া- এসব ব্যাপারেও ভারতের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন নাসের।
সাবেক ইংলিশ অধিনায়ক বলেছেন, “সত্যি বলতে, খুবই হতাশাজনক। ক্রীড়া, ক্রিকেট এবং রাজনীতি সবসময়ই পারস্পারিক জড়িয়ে। আগে এটা ছিল ব্যতিক্রম, এখন এটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্রেফ রাজনীতি ও রাজনীতিবিদরাই নন, এখন ক্রিকেটাররাও…। গত বছর দুয়েকে ক্রিকেটারদের যেভাবে দেখেছি, যেটা বললাম, সত্যিই হতাশাজনক। হাত মেলাচ্ছে না, ট্রফি নিচ্ছে না। ক্রিকেট আগে বিভিন্ন দেশ ও জাতিক একতাবদ্ধ করত, এখন এটি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।”
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কোনও কারণ না দেখিয়ে বাদ দেওয়ার সমালোচনা করেছেন নাসের। ব্যাখ্যাতীতভাবে এই সিদ্ধান্তের জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। ৯৬ টেস্ট খেলা এ অধিনায়কের চোখে ভারতের এ সিদ্ধান্তের কারণেই ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আইসিসি তাদেরকে বাদ দিতে পারতো কিনা, সেই প্রশ্ন তুলেছেন ৫৭ বছর বয়সী নাসের, “এখানে যদি ভারত থাকত বা ভবিষ্যতেও যদি কোনও টুর্নামেন্ট শুরুর একমাস আগে ভারত বলে, আমাদের সরকার চায় না ওই দেশে গিয়ে বিশ্বকাপ খেলতে, তখন কি আইসিসি এতটা শক্ত অবস্থানে থাকবে?”

