সমালোচনা করে শাস্তির মুখে মার্তিনেস, হারাতে পারেন ক্লাবও

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ক্লাবের কর্তাদের সমালোচনা করেছিলেন লিসান্দ্রো মার্তিনেস। এবার এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে শীতকালীন দলবদলেই বিক্রি করার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার স্কাই স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।
আতলেতিকো মাদ্রিদের মাঠে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন মার্তিনেস। পাশাপাশি ক্লাবের ক্রীড়া পরিচালক জেসন উইলকক্সেরও সমালোচনা করেন তিনি, ‘আমি ক্রীড়া পরিচালকের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। আমি একদম খোলাখুলি বলছি, আরও বেশি বিনিয়োগ দেখতে চাই।’
তবে কোচ মাইকেল ক্যারিকের বিষয়ে কিছুটা নমনীয় ছিলেন এই ডিফেন্ডার। তার মতে বারবার কোচ পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না, ‘কোচ বারবার বদলাচ্ছেন কিন্তু অন্য বিভাগগুলোর কী হবে? কোচ কিংবা খেলোয়াড়দের দোষ দেওয়া সহজ। তবে আমাদের অন্যদের দিকেও তাকাতে হবে।’
দলের পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে আরও কঠোর মন্তব্য করেন মার্তিনেস, ‘আমাদের পারফরম্যান্স খারাপ ছিল, সত্যিই খুব খারাপ। নিজেকে সামলে কথা বলতে হচ্ছে। আমাদের খেলা ক্লাবের বর্তমান অবস্থাই তুলে ধরে। এই ক্লাব এখন চ্যাম্পিয়নস লিগের মানের নয়।’
মার্তিনেসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও সেটি কাজে লাগানোর সম্ভাবনা এখন কম বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে শীতকালীন দলবদলে তাকে বিক্রির বিষয়টি বিবেচনা করছে ইউনাইটেড।
ক্লাবের সংবাদদাতা লরি হুইটওয়েলের তথ্য অনুযায়ী, প্রকাশ্যে এমন মন্তব্য করায় মার্তিনেসকে জরিমানাও করতে পারে ইউনাইটেড। তার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এদিকে মার্তিনেসের মন্তব্যে দলের কয়েকজন খেলোয়াড়ও অসন্তুষ্ট বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাদের ধারণা, মার্তিনেসের কথায় সতীর্থদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।



