দেম্বেলেকে ছুটিতে পাঠাচ্ছে পিএসজি

ব্যস্ত মৌসুম ও ফিফা বিশ্বকাপের ধকল সামলাতে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে সংক্ষিপ্ত বিশ্রামে পাঠিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যার ফলে লিগ ওয়ানের আসন্ন ম্যাচে লিলের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই তারকার।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র শারীরিক ক্লান্তি দূর করতে ও ফিটনেস ফিরিয়ে আনতে দেম্বেলেকে এই সাময়িক ছুটি দেওয়া হয়েছে। আগামী সোমবার সকালে প্যারিসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে এবং লুইস ক্যাম্পোসের নেতৃত্বাধীন ক্রীড়া বিভাগের যৌথ সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘গোল ডট কম’ জানাচ্ছে, আসন্ন কঠিন শরৎকালীন ম্যাচগুলোর আগে দেম্বেলের এনার্জি লেভেল রিচার্জ করা এবং ম্যাচ ফিটনেস শতভাগ নিশ্চিত করতেই এই পরিকল্পনা সাজিয়েছে ফরাসি ক্লাবটি। আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘কোচ এবং ক্রীড়া বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উসমান দেম্বেলে আগামী কয়েকদিন বিশ্রাম পাবেন। আগামী সোমবার তিনি দলের বাকিদের সঙ্গে অনুশীলনে ফিরবেন।’
বিশ্বকাপ শেষে পূর্ণ বিশ্রাম এবং প্রস্তুতি ছাড়াই সরাসরি প্রতিযোগিতামূলক ফুটবলে নামতে হয়েছিল দেম্বেলেকে। মূলত এর ফলেই তার ওপর অতিরিক্ত শারীরিক চাপ তৈরি হয়। উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে এবং ট্রফি দে চাম্পিয়নসে লেন্সের বিপক্ষে তাকে বদলি হিসেবে মাঠে নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল ক্লাব। তবে রেনের বিপক্ষে ম্যাচে তাকে শুরুর একাদশে নামানো হলেও প্রথমার্ধের পরই তুলে নেওয়া হয়।







