মেসির কীর্তিতে মুগ্ধ মায়ামি কোচ

সংগৃহীত ছবি
বিশ্বকাপ সেমিফাইনালের পর আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরলেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শেষ দিকে তার জোড়া অ্যাসিস্টে জিতেছিল আর্জেন্টিনা। এবারও সেই মাঠে জোড়া গোল করে দেখালেন জাদু।
মেজর লিগ সকারের ম্যাচে আজ মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। অপর গোলটি মেক্সিকোর স্ট্রাইকার জার্মান বেরতেরামের। ৪৫ মিনিটে মেসির অ্যাসিস্টেই গোল করেছিলেন তিনি। তাতে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি।
৫৬ মিনিটে বেরতেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান মেসি। ৬০ মিনিটে লুইস সুয়ারেসের পাসে একই রকমভাবে করেন নিজের দ্বিতীয় গোল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ফাফা পিকো এক গোল ফেরালেও মায়ামির জয় আটকানো যায়নি।
এবারের মৌসুমে লিগে মেসির গোল ২৫টি, যা সর্বোচ্চ। এর সঙ্গে গড়েছেন অ্যাসিস্টের কীর্তি। ৩৯ বছর বয়সী মেসির এমন কীর্তিতে মুগ্ধ মায়ামি কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস,‘ মেসি প্রতিনিয়তই বিশ্বকে বিস্মিত করে চলেছে। ৩৯ বছর বয়সের কোন খেলোয়াড় এভাবে খেলতে পারে সেটা আমিও বিশ্বাস করতে পারি না। সবচেয়ে বেশি আনন্দের তাকে সুখী দেখতে পাওয়া। আর সুখী বলেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলছে মেসি, উপভোগও করছে।’



