যে তিন কারণে রিয়াল মাদ্রিদকে রোদ্রির ‘না’

রোদ্রির বার্সেলোনায় যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। স্পেনের এই মিডফিল্ডার কাতালান ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তে অটল। এর মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে যে কেন রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোদ্রি।
স্প্যানিশ সাংবাদিক রামোন আলভারেজ দে মোন তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজের সঙ্গে বৈঠক করেছিলেন রোদ্রি। ওই বৈঠকে রিয়ালের জার্সি পরার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন স্পেনের এই তারকা। তবে একই সঙ্গে ক্লাবটির সামনে তিনটি গুরুত্বপূর্ণ আপত্তিও তুলে ধরেছিলেন তিনি। পরবর্তীতে সেসব বিষয়ই আলোচনার গতিপথে প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত চুক্তি ভেস্তে যায়।
রোদ্রির প্রথম আপত্তি ছিল তাকে দলে ভেড়ানোর ব্যাপারে রিয়াল মাদ্রিদের অতিরিক্ত দেরি করা। একই সময়ে বিভিন্ন সূত্রে খবর ছড়ায়, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি এই চুক্তি সম্পন্ন করতে খুব একটা আগ্রহী ছিলেন না।
রোদ্রির দ্বিতীয় আপত্তি ছিল রিয়াল মাদ্রিদের পরিকল্পনা নিয়ে। চুক্তি নিয়ে ক্লাবটির আচরণ এবং ঠিক যে সময়ে তাকে দলে ভেড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল তা নিয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়।
রোদ্রির মনে হয়েছিল শুরু থেকেই তাকে দলে নেওয়া রিয়ালের অগ্রাধিকার ছিল না। আলোচনা অনেক দূর এগিয়ে যাওয়ার পরও এসব বিষয় তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। ফলে সামনে থাকা অন্য প্রস্তাবগুলো নিয়েও ভাবতে শুরু করেন তিনি।
আলভারেজ দে মোনের দাবি অনুযায়ী, রোদ্রির সঙ্গে রিয়াল কর্তাদের আলোচনায় সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল দলের ড্রেসিংরুমের পরিস্থিতি।
রোদ্রি রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের জানিয়েছিলেন, দলের অভ্যন্তরে কিছু সমস্যার কথা তিনি শুনেছেন। তাই ড্রেসিংরুমের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা চেয়েছিলেন তিনি। এরপর রিয়াল তার চাহিদাগুলো মেনে নেয় এবং দলবদল নিয়ে প্রাথমিক সমঝোতাও হয়।
তখন মনে হচ্ছিল রোদ্রির রিয়ালে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। বিশেষ করে স্পেনের রাজধানীতে যাওয়ার ব্যাপারে রোদ্রিও ইতিবাচক ছিলেন। কিন্তু ঠিক সেই সময় জোরালোভাবে আলোচনায় ঢুকে পড়ে বার্সেলোনা। আর তাতেই বদলে যায় রোদ্রির হিসাব।




