বিতর্ক সামলে ৮৪ দিন পর গোল করলেন আলভারেস

মাদ্রিদে গত সাতটি সপ্তাহ কেটেছে চরম হতাশা ও মানসিক ঝামেলার মধ্য দিয়ে। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের পর আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের ক্ষোভ আর গোল খরা—সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছিলেন হুলিয়ান আলভারেস। তবে চিরচেনা নীল-সাদা জার্সি গায়ে চাপাতেই যেন পুরোপুরি বদলে গেলেন এই ফরোয়ার্ড। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পাওয়ার ম্যাচে ৮৪ দিন পর গোলের দেখা পেলেন ‘স্পাইডার’ খ্যাত এই তারকা।
ম্যাচের শুরুতে অবশ্য আলভারেস কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন। অষ্টম মিনিটেই তার নেওয়া বাঁ পায়ের ভলি প্রতিপক্ষের ডিফেন্ডার মৌমুনি দিয়াল্লোর গায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে জালে জড়ায়। আলভারেসের শট হলেও গোলটি অফিশিয়ালি আত্মঘাতী হিসেবে গণ্য হয়। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও গোলরক্ষকের বাধা বা অল্পের জন্য জালের ঠিকানা পাননি তিনি।
অবশেষে ৩৬ মিনিটে স্তাদিও মনুমেন্তালে উপস্থিত খুদে সমর্থকদের মুখে হাসি ফোটান আলভারেস। জিয়ানলুকা প্রেলিমানির নিখুঁত ক্রসে ডি বক্সের ভেতর থেকে চমৎকার বাঁ পায়ের শটে দলের পঞ্চম গোলটি আদায় করে নেন তিনি। গোল করার পর চিরাচরিত ‘স্পাইডারম্যান’ উদযাপনের পাশাপাশি দুই হাত আকাশে তুলে লিওনেল মেসির মতো করে ঈশ্বরকে ধন্যবাদ জানান এই ফরোয়ার্ড।
আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে শেষ চার ম্যাচে জালের দেখা না পেলেও আর্জেন্টিনার জার্সিতে এসেই সেই খরা কাটিয়ে উঠলেন আলভারেস। প্রথমার্ধ শেষেই তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি, যাতে তার ওপর থেকে ধকল কিছুটা কমে। এই গোলটির মাধ্যমে আলভারেস শুধু নিজের আত্মবিশ্বাসই ফিরে পাননি, বরং জাতীয় দলের জার্সিতে নিজের কার্যকারিতাও নতুন করে প্রমাণ করলেন।




