সাফে আসছে বড় পরিবর্তন

সংগৃহীত ছবি
আগামী নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। আধুনিক ও আকর্ষণীয় রূপে এবারের টুর্নামেন্টকে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে সাফ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে যুক্ত হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। এর পাশাপাশি নতুন ট্রফি উন্মোচন এবং ভবিষ্যৎ আসরগুলোকে ‘ফিফা সাফ কাপ হিসেবে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
টুর্নামেন্টকে সামনে রেখে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল আজ সাংবাদিকদের এই নতুন পরিকল্পনার কথা জানান। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের রাজধানীতে বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াই। অক্টোবরে হবে ট্রফি উন্মোচন।
দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম প্রযুক্তিগত বিশাল পরিবর্তন হিসেবে ভিএআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টের সবকটি ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কারিগরি মূল্যায়নের কাজ চলছে।
ম্যাচের পাশাপাশি গ্যালারির দর্শকদের মাতাতে মাঠ ও মাঠের বাইরে বেশ কিছু বিনোদনমূলক ও উৎসবমুখর কার্যক্রমের পরিকল্পনাও রাখা হয়েছে।
আঞ্চলিক ফুটবলের এই লড়াইকে বিশ্ব দরবারে তুলে ধরতে একধাপ এগিয়ে ভাবছে সাফ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে এ নিয়ে তারা আলোচনা শুরু করেছে। আসিয়ান কাপ আয়োজন করছে ফিফা।
সাফ চ্যাম্পিয়নশিপও সেভাবে হবে কি না জানতে চাইলে পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘সরাসরি ফিফার অধীনে নয়, তারা যেভাবে ফিফা এশিয়ান কাপ করছে— আমরাও ফিফার সঙ্গে আলোচনা বা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। একটা পরিকল্পনা রয়েছে, হয়তো আগামী আসর বা আগামী চ্যাম্পিয়নশিপে আপনারা সেটি দেখতে পারেন।’
সূচি ও বাফুফের দায়িত্ব আয়োজক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সাফ-এর পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করা হবে। টিকেটের দাম ও চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি এখনও নির্ধারণের অপেক্ষায়।






