স্মৃতির রোমায় ফিরছেন মরিনহো

রোমায় তিনি ছিলেন ‘হিরো’। প্রথম আসরেই ক্লাবকে জিতিয়েছিলেন উয়েফা কনফারেন্স লিগ। পরের মৌসুমে দলকে নিলেন ইউরোপা লিগের ফাইনালেও। জোসে মরিনহোর বিদায়টা অবশ্য সুখকর হয়নি, তিক্ততা নিয়ে হয়েছিলেন বরখাস্ত। দুই বছর পর আবারও রোমার স্তাদিও অলিম্পিকোয় ফিরছেন স্পেশাল ওয়ান, এবার রিয়াল মাদ্রিদের কোচ হয়ে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে রোমার খুব ‘আপনজনই’ দাঁড়াবেন শত্রুপক্ষের ডাগআউটে।
রোমার সমর্থকদের মন জয় করেছিলেন তিনি, ঠিক যেমন করেছিলেন রিয়ালের। ট্যাক্সি ড্রাইভার থেকে মাঠকর্মী, ছোট থেকে বুড়ো; রোমার সবাই যেন মরিনহোর প্রশংসায় পঞ্চমুখ। জনপ্রিয়তার মাত্রা বোঝা যায় ভেস্পা স্কুটারে চড়া মরিনহোর মূর্যালে, যা এঁকেছিলেন এক পথশিল্পী। সেই সুখের সংসার অবশ্য বেশিদিন টেকেনি। তিন বছরের মাথায় ক্লাব ছাড়তে হয় মরিনহোকে। অনেকটা পথ ঘুরে আবারও রিয়ালে ফিরেছেন মরিনহো। নিয়তির কী খেলা দেখুন, রিয়ালে ফেরার পর প্রথম মৌসুমেই দেখা হয়ে যাচ্ছে সেই রোমার সঙ্গে।
সময়টা ভালো যাচ্ছে না মরিনহোর দলের। নতুন দিনের আশায় তাকে ফেরালেও দলকে নিয়ে সঠিক পথে এগোতে পারছেন না। লা লিগায় রিয়াল আছে চতুর্থ স্থানে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এখনই তারা পিছিয়ে ৬ পয়েন্ট! চ্যাম্পিয়নস লিগে তাদের অবস্থান ১৩তম। চোট, স্কোয়াডের অভ্যন্তরীণ কোন্দলসহ মরিনহোকে ভাবতে হচ্ছে খেলার বাইরের অনেক কিছু নিয়েই।
রোমা আছে বেশ ফুরফুরে মেজাজে। এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আছে তারা। সিরি-এর ছয় ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচ; সাত ম্যাচে রোমার জয় চারটিতে। চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে ফেনারবাচের বিপক্ষে ড্র করে ১৭তম অবস্থানে আছে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে দুই দল মুখোমুখি হচ্ছে আট বছর পর। সবশেষ রিয়াল-রোমার দেখা হয়েছিল ২০১৮ সালের নভেম্বরে। গ্রুপ পর্বের সেই ম্যাচে রোমাকে ২-০ গোলে হারিয়েছিল মাদ্রিদ।



