চার দিনে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা

সংগৃহীত ছবি
তিনদিন আগেই খেলার মাঠে হঠাৎ লুটিয়ে পড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই একইভাবে মাঠে পড়ে গেলেন বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালা। কিন্তু কী কারণে বারবার এমন হচ্ছে তার?
হাইডেনহাইমে বায়ার্নের প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে হঠাৎ করে মাঠেই পড়ে যান মুসিয়ালা। এর তিন দিন আগে লাইপজিগের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচেও একই ধরনের ঘটনা ঘটেছিল। জার্মান এই ২৩ বছর বয়সী মিডফিল্ডার ঠিক কী কারণে এভাবে পড়ে যাচ্ছেন, সে নিয়েই চলছে আলোচনা।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, স্নায়বিক সমস্যার কারণেই এমনটা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার এই বিষয়টি ‘অ্যাবসেন্স সিজার’ বা ‘মৃগি রোগ(খিঁচুনি)’ হিসেবে শনাক্ত হয়েছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ–এর প্রতিবেদন অনুযায়ী, আগের ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পর জামাল নিজে হেঁটেই মাঠ ছেড়েছিলেন, তবে ওই সময় তাকে কিছুটা হতভম্ব দেখাচ্ছিল।
মুসিয়ালা জানিয়েছেন, ‘এসবের (স্নায়বিক সমস্যা) কারণেই সম্প্রতি লাইপজিগ বা হাইডেনহাইমের ম্যাচের মতো ঘটনাগুলো ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে স্বাস্থ্যের অন্য কোনো বাড়তি ঝুঁকি নেই। বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড় সমন্বয় ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটা ছিল আমার ব্যক্তিগত ইচ্ছা।’
দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া অনুসরণ করে এই সমস্যা কাটিয়ে উঠতে চান মুসিয়ালা, ‘স্নায়বিক রোগ বিশেষজ্ঞদের সম্মতি নিয়ে আমি এখন এমন কিছুতেই নিজেকে নিয়োজিত করতে চাই যা আমার সেরে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক হবে। আর তা হলো স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন করা এবং ফুটবল খেলার প্রতি আমার যে আবেগ, তা ধরে রাখা।’
বায়ার্ন মিউনিখ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই আঘাতজনিত কারণে জামাল মুসিয়ালাকে মাঠ থেকে তুলে নেওয়ার প্রয়োজন হওয়ায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।’






