আসিয়ান কাপ শুরুর আগে হামজা
বাংলাদেশ কাউকে ভয় পায় না

ছবি: বাফুফে
আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়াতে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত দল। অনুশীলনের সময় দেওয়া এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী জানিয়েছেন, তারা কাউকে ভয় পান না।
অন্তিম মুহূর্তে টুর্নামেন্টে আসিয়ান কাপে ডাক পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তারা খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরা সবাই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।
হামজা জানিয়েছেন, র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে পারাটা বাংলাদেশের জন্য বড় সুযোগ, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলাটা অবশ্যই অনেক বড় একটি সুযোগ। তাই আমাদের মূল লক্ষ্য হলো যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পেতে এখানে আসিনি; আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে ভালো করেই জানি। তবে ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য একটি শেখার সুযোগ এবং আমরা যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যেন দেশকে গর্বিত করতে পারি।‘
ইন্দোনেশিয়ার আতিথিয়তায় মুগ্ধ হামজা, ‘এখন পর্যন্ত অসাধারণ অভিজ্ঞতা হয়েছে! সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনই। এখানকার মানুষজন খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এখানে ফুটবলের দারুণ জনপ্রিয়তা রয়েছে এবং অনুশীলনের সুযোগ-সুবিধাগুলোও অত্যন্ত ভালো। তাই আমি শুক্রবারের ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। দেখা যাক আমরা কেমন করতে পারি।‘
প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়াকে নিয়ে হামজা জানালেন, ‘আমার মনে হয় র্যাংকিংয়ে তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। তাদের দলে অনেক মানসম্মত ফুটবলার রয়েছে এবং একজন চমৎকার হেড কোচ আছেন। বিশেষ করে আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে না থাকে, তবে আমি অবাকই হব। দেশ হিসেবে তারা ফুটবলকে অনেক গুরুত্ব দেয় এবং তারা সত্যিই অনেক শক্তিশালী একটি দল। আমি এলকান ব্যাগটকে বিমানেই দেখেছি; ফ্লাইটে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। সে অবশ্যই একজন খুব ভালো খেলোয়াড় এবং বয়সও বেশ কম। মিলওয়াল খুব ভালো একটি দল। তাই এই টুর্নামেন্টে এবং পরবর্তীতে লিগেও তার বিপক্ষে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি।‘
নিজেদের অনুশীলন নিয়ে সন্তুষ্ট হামজা, ‘মাঠগুলো সত্যিই দারুণ ছিল, আমাদের অনুশীলনের জন্য উপযুক্ত।। আমরা অনুশীলনের সময়টা বেশ উপভোগ করছি। মূল স্টেডিয়ামটা এখনো দেখা হয়নি, ইনশাআল্লাহ কাল দেখব। তবে অভিযোগ করার মতো কিছুই নেই, হোটেল চমৎকার এবং সবাই খুব আন্তরিক। সব মিলিয়ে আমরা সবকিছু বেশ উপভোগ করছি।‘



