ইরানের ম্যাচ মেক্সিকোয় সরাবে না ফিফা

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো । ছবি: সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বিধ্বস্ত ইরান। এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে তারাও চালাচ্ছে পাল্টা হামলা। তাতে শঙ্কা জেগেছে ইরানের বিশ্বকাপ ফুটবল খেলা। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পরিস্থিতি জটিল হচ্ছে আরও।
আগামী ১১ জুন তিন দেশে শুরু হবে বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচের ভেন্যুই যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে হয়তো যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না।’
সেই হুমকির পর যুক্তরাষ্ট্রেই খেলতে অস্বীকৃতি জানান ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। যুক্তরাষ্ট্রের বদলে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এখন আর ম্যাচের ভেন্যু বদল সম্ভব নয়। আগের সূচিতেই খেলতে হবে সবাইকে।
ফিফার একজন মুখপাত্র বলেছেন,‘বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ফিফা ইরানসহ অংশগ্রহণকারী সব সদস্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ফিফা আশা করছে , ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত ম্যাচের সময়সূচি অনুযায়ী অংশগ্রহণকারী সব দল বিশ্বকাপে খেলবে।’

