ভারতের সেরা স্টেডিয়ামকে ‘বিপজ্জনক’ বলল ব্রাজিল

যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করছেন ব্রাজিলিয়ান প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। সেই স্টেডিয়ামেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ভারত। তবে এখানকার মাঠকে ‘বিপজ্জনক’ বলে মান বাড়ানোর পরামর্শ দিয়ে গেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা।
অথচ ভারতীয় ফুটবলের সেরা স্টেডিয়ামই বলা হয় যুবভারতীকে (বীবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)। সেই মাঠের অসমান অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। বিশেষ করে মাঠে ঘাসের ঘনত্ব নিয়ে আপত্তি রয়েছে তাদের।
যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করতে কলকাতা এসেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। তারা ঘুরে দেখেন মাঠ-প্র্যাকটিস গ্রাউন্ড। কিন্তু মাঠ দেখে খুব একটা সন্তুষ্ট নন ব্রাজিলের প্রতিনিধিরা। তারা মাঠটাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় দৈনিক। ব্রাজিলের জাতীয় দলের সবচেয়ে কম দামি ফুটবলারটিরও ট্রান্সফার ফি ৫০ কোটি রুপি। তারা এমন মাঠে খেলে যেন চোট না পান সেই উদ্বেগ জানিয়ে গেছেন ব্রাজিলিয়ান প্রতিনিধিরা।
মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পরীক্ষার পর যুবভারতীতে ক্রীড়া মন্ত্রীর অফিসে আলোচনায় বসেন ব্রাজিল প্রতিনিধিরা। সেখানে ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা জানান, ভারতের সেরা স্টেডিয়ামে ব্রাজিলকে ভালো খেলার সবরকম সুযোগ দেওয়া হবে। তবে ব্রাজিলের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, মাঠের মান বাড়াতে হবে। সঙ্গে প্র্যাকটিস গ্রাউন্ডের মানও।
ভারতীয় ফুটবল ফেডারেশন এরপর নড়েচড়ে বসেছে। রবিবার ডুরান্ড ফাইনালের পর যুবভারতীর মূল মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ব্রাজিল ম্যাচের প্রস্তুতির জন্য। পিছিয়ে যেতে পারে আইএসএলও।
ব্রাজিলের প্রতিনিধি দলে থাকাদের অন্যতম ব্রাজিল ফুটবল দলের জেনারেল সুপারভাইজার সের্জিও দিমাস দে অলিভেইরা, মার্কেটিং ও অপারেশন ম্যানেজার হোসে ভিতর সেনেতর দে পাওলা লিমা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্রুনো ম্যাজেই রেইস।
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভিনিসিয়ুসদের ব্রাজিলের মুখোমুখি হবেন ভারতের সন্দেশ-আপুইয়ারা।






