বায়ার্ন মিউনিখে কেইনের বিকল্প হতে পারেন হলান্ড

সংগৃহীত ছবি
ভবিষ্যতে ম্যানচেস্টার সিটি থেকে আর্লিং হলান্ডকে দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি বায়ার্ন মিউনিখ সভাপতি হারবার্ট হাইনার। আপাতত দলের আক্রমণভাগ নিয়ে সন্তুষ্ট থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলে জানিয়েছেন তিনি। বায়ার্নের বর্তমান স্ট্রাইকার হ্যারি কেইনের বিকল্প খোঁজার পরিকল্পনার মধ্যেই সামনে এসেছে হলান্ডের নাম।
ভবিষ্যতে আক্রমণভাগের শক্তি বাড়ানোর প্রয়োজন হলে হলান্ডকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বায়ার্ন। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে নরওয়ের এই স্ট্রাইকারের ভবিষ্যৎ। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত বিভিন্ন আর্থিক অনিয়ম এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে সিটির বিরুদ্ধে গুরুতর অপরাধের সিদ্ধান্ত দিয়েছে একটি স্বাধীন কমিশন। এ ঘটনায় ক্লাবটির শাস্তির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
এদিকে বায়ার্নের আক্রমণভাগে বর্তমানে হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও লুইস দিয়াসের মতো খেলোয়াড় রয়েছেন। তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাইনার। জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে তিনি বলেন, ‘কেইন, অলিসে, দিয়াসসহ আমাদের আক্রমণভাগে দারুণ সব খেলোয়াড় রয়েছে। গত মৌসুমে আমরা ১২০টির বেশি গোল করেছি। তাই আমার মনে হয় আক্রমণভাগে আমরা বেশ ভালো অবস্থানে আছি।’
তবে কেইনের বিকল্প হিসেবে হলান্ডকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সম্ভাবনাটি উড়িয়ে দেননি বায়ার্ন সভাপতি, ‘কয়েক বছর পরের ভবিষ্যৎ নিয়ে কথা বললে পরিস্থিতি তখন ভিন্ন হবে। দেখা যাক কী হয়।’
হলান্ডের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি রয়েছে ২০৩৪ সালের জুন পর্যন্ত। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন এই স্ট্রাইকার। মৌসুমের প্রথম আট ম্যাচেই করেছেন আট গোল।
অন্যদিকে বায়ার্নের সঙ্গে কেইনের চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা। ফলে ভবিষ্যতে কেইনের বিকল্প হিসেবে হলান্ডকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায়নি বায়ার্ন।



