এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ
টানা দুই ম্যাচ হেরে রাজশাহী স্টার্সের বিদায়

প্রথমবারের মতো এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়েছিল তারা। রাজশাহী স্টার্সে বিদায়ঘণ্টা বাজল দ্বিতীয় ম্যাচেই। মালয়েশিয়ার ক্লাব সাবাহ এফসির সঙ্গে ১-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশের ক্লাবটি।
প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছিল রাজশাহী। দ্বিতীয় ম্যাচে তাই পয়েন্টের বিকল্প ছিল না তাদের সামনে। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে প্রথমার্ধে এনজি হেকিমার গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের প্রতিনিধি ক্লাবটি।
পরের হাফে দুই দল একটি করে গোল করে। সাবাহর দ্বিতীয় গোলটিও করেন হেকিমা। রাজশাহীর হয়ে একটি গোল পরিশোধ করেন মোসাম্মৎ সুলতানা। ১-২ গোলের এই পরাজয়ে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রাজশাহী।
আগামী রোববার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রোভার্সের মুখোমুখি হবে রাজশাহী স্টার্স।






