বাংলাদেশকে হারানো কামিন্সের কাছে ‘আত্মসম্মানের ব্যাপার’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অবশেষে স্বরূপে ফিরল অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে ৯ উইকেটে হারলেও দ্বিতীয় টেস্টে দুই দিনেই তারা বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, এই জয় তাদের জন্য আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
সংবাদ সম্মেলনে অজি অধিনায়কের কাছে প্রশ্ন গেল- এই জয় তাদের প্রতিশোধ মিশন ছিল কিনা? জবাবে কামিন্স বলেন, ‘এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটা জেতার জন্য মরিয়া হতে হয়। এতে বাড়তি চেষ্টা করতে হয় কিনা আমি নিশ্চিত নই। তবে আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব দরকার ছিল। আমরা তা করতে পেরে আনন্দিত।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। সাড়ে তিন দিনে অজিদের ৯ উইকেটে উড়িয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। সিরিজও শেষ হয়েছে সমতায়। তবে দ্বিতীয় টেস্ট জিতলেও দুই দিনে খেলা শেষ হওয়া মানতে পারছেন না স্বয়ং কামিন্সও।
এই অভিজ্ঞ গতিতারকা বলেন, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো। দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার (ব্যাটিং ভালো করতে না পারাদের) মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটা দ্রুত শেষ হয়ে গেল।’







