নাজমুল
আবার যেন ২৩ বছর অপেক্ষা করতে না হয়

সিরিজ ভাগাভাগি করলেন দুই অধিনায়ক।
ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের দাপুটে জয়ের পর ম্যাকাইয়ে মাত্র দুই দিনে ইনিংস ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ধরা দিল স্বরূপে; তার চেয়েও বড় হয়ে উঠল বাংলাদেশের ব্যাটারদের আত্মহত্যার মিছিল। ইনিংস ও ৫১ রানে হারের পর দায় স্বীকার করার সঙ্গে টসকেও ইস্যু বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দাবি জানিয়ে রাখলেন নিয়মিত অস্ট্রেলিয়া সফরের।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, ‘অবশ্যই হতাশাজনক ব্যাটিং। তবে টস অনেক বড় ফ্যাক্টর ছিল। প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তিন ইনিংসে ব্যাট করাই কঠিন ছিল। তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি তারাও অনেক ভালো বল করেছে। সামনে আমাদের টেকনিক্যাল জায়গাতে অনেক উন্নতি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া দল কতটা ভালো। তারা তাদের চরিত্রের প্রমাণ দিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। পরিস্থিতি ভিন্ন ছিল। বাতাসে অতিরিক্ত বাউন্স ও সুইং ছিল, যা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। কিন্তু দল হিসেবে আমরা যদি সামনে এগোতে চাই, তবে এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে এবং আমি মনে করি এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। সব ব্যাটারের জন্যই এটি বেশ কঠিন ছিল। শরিফুলকে সামলাতে গিয়ে তাদের ব্যাটিংও সংগ্রাম করেছে। সত্যি বলতে, এটি ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন উইকেট ছিল।’
প্রথম টেস্টে দারুণ ফলাফলের পর সবার প্রত্যাশা ছিল দ্বিতীয় টেস্টেও ভালো কিছুর। সেই ঘাটতি পূরণে এমন কন্ডিশনে আরও বেশি খেলার দাবি জানালেন শান্ত, ‘আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমি বিশ্বাস করি, এ ধরনের কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, তবে তা আমাদের খেলা উন্নত করতে সাহায্য করবে। আমরা ঠিক এটাই চাই—এখানে আসার জন্য যেন আর ২৩ বছর অপেক্ষা করতে না হয়। যদি আমরা আরও ঘন ঘন এখানে আসার সুযোগ পাই, তবে তা আমাদের খেলা আরও উন্নত করবে।’







