সিরিজ শেষ লিটনের, মিরাজের জ্বর

ব্যাটে দারুণ সময় কাটছিল। সেই সময়টা দীর্ঘ হতে পারতো ভিন্ন ফরম্যাটে। টেস্টের পর ওয়ানডেতেও লিটন দাসের ব্যাট হাসতে পারতো আবুধাবিতে চলমান ত্রিদেশীয় সিরিজে। কিন্তু ম্যাচের আগের দিন কোমড়ের ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
লিটনের ইনজুরি নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘লিটন ম্যাচের আগের দিন কোমড়ের ডানপাশে অস্বস্তির কথা জানায়। আমরা ম্যাচের আগে তার অবস্থা দেখতে চেয়েছিলাম। সে নিজেও চেষ্টা করেছিল শেষ পর্যন্ত যদি ম্যাচটা খেলা যায়। কিন্তু ম্যাচ খেলার জন্য যে বেঞ্চমার্ক ফিটনেস প্রয়োজন সেটা পার করতে পারেনি। তাই আপাতত সিরিজটিতে আর খেলা হচ্ছে না লিটনের।’
শধু লিটন নন, মেহেদী হাসান মিরাজকেও জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। জ্বরের কারণে খেলা হচ্ছে না তার।
লিটনের পরিবর্তে একাদশে নুরুল হাসান সোহান আছেন উইকেটের পেছনে গ্লাভস হাতে। নেতৃত্বে আছেন তাওহীদ হৃদয়। একাদশে মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।



