নাজমুল
ফলাফল ভাবছি না, পাঁচ দিন ভালো খেলতে চাই

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জিতে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশ। আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টে তাই প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। দর্শক-সমর্থকেরা ম্যাচটি নিয়ে খুব রোমাঞ্চিত থাকলেও মাটিতে পা রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রলিয়ার মতো দল যে ভয়ংকরভাবে কামব্যাক করতে পারে- সেটা তিনি ভালোভাবেই জানেন। ম্যাকাই টেস্টে তাই সেশন বাই সেশন ভালো খেলাই লক্ষ্য টিম টাইগারেরা।
শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি যে, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। ফলে জরুরি হচ্ছে একেক দিন একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি। এটাই টার্গেট থাকবে। যদি প্রসেসটা ঠিক থাকে আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য। সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। আমি প্রথম সংবাদ সম্মেলনে যা বলেছিলাম, এটা আমাদের জন্য বড় একটা সুযোগ যে, এমন বোলিং লাইনআপের বিরুদ্ধে আমরা কতটা ভালো ব্যাট করতে পারি। ফলে এটাকে সুযোগ হিসেবে দেখা উচিত এবং প্লেয়াররা তাই করছে। একটা ম্যাচ ভালো খেলার কারণে বাড়তি আত্মবিশ্বাস দিবে, ফলে আমার মনে হয় এই কন্ডিশন প্লেয়াররা উপভোগ করবে এবং অই চ্যালেঞ্জটা ভালোভাবে নিবে। উইকেট দেখে আমার ভালো উইকেট মনে হয়েছে। স্পোর্টিং উইকেট মনে হয়েছে। সকালে আবহাওয়া কেমন থাকে এটা হচ্ছে জরুরি। সকালে উইকেট দেখেই টসের সিদ্ধান্ত আমরা সবসময় নেই। ফলে কালকে সকালে উইকেটটা দেখে আমরা টসের সিদ্ধান্তটা নেব।’
ম্যাকাই টেস্টের আগে ডারউইন টেস্ট জয়ের সুখানুভূতিও ভুলে যেতে চান শান্ত, ‘প্রথম টেস্ট নিয়ে অনেক ইমোশন আছে। তবে সেটা এখন অতীত। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সবসময় শান্ত থেকে মাঠে ফিরতে হবে, যখন নতুন কন্ডিশনে নতুন চ্যালেঞ্জ আসবে। গত অনুশীলন সেশনগুলো ভালো হয়েছে। প্লেয়াররা অনেক পেশাদার। অনেকেই আছে অভিজ্ঞ। তারা তরুণদের পরামর্শ দিচ্ছে যে, আমাদের আবার ফিরে এসে অনুশীলনে একই কাজ করে যেতে হবে। এই ব্যাপারগুলো করার চেষ্টা করছি। ছেলেরা প্রস্তুত আছে, দলের জন্য আবারও ভালো কিছু করে দেখাতে।’







