ম্যাকাই টেস্ট
এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দল। পিচ ও কন্ডিশন নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে রেখেই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। তবে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড, যার স্থলে দীর্ঘ তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশ।
শুক্রবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রেস কনফারেন্সে অধিনায়ক প্যাট কামিন্স প্রথমে চার পেসার নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিলেও, বিকেলে পিচ পরিদর্শনের পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। স্কট বোল্যান্ডকে একাদশের বাইরে রেখে আগের ম্যাচের স্পিন আক্রমণকেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টের একাদশে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ড ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন। তার পরিবর্তে ট্রাভিস হেডের সাথে ইনিংসের সূচনা করবেন ৩০ বছর বয়সী ম্যাথু রেনশ। দীর্ঘ বিরতির পর রেনশের দলে ফেরা নিয়ে আশাবাদী অজি অধিনায়ক কামিন্স, ‘আমরা কেবল তার সেরা পারফরম্যান্সটাই দেখতে চাই। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একজন ব্যাটার খুব ভালোভাবেই জানে তার সেরা রূপটি কেমন হওয়া উচিত। রেনশ এখন যথেষ্ট পরিপক্ব এবং সে তার সেরাটা দিয়েই বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে প্রস্তুত।’
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে ১-০ তে পিছিয়ে থাকা অজিদের জন্য ম্যাকাইয়ের এই দ্বিতীয় টেস্টটি সিরিজ বাঁচানোর লড়াই।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ: ম্যাথু রেনশ, ট্রেভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জোশ হ্যাজলউড।






