রেনশর ওপর ভরসা রাখছেন ক্যারি

সংগৃহীত ছবি
ইনজুরি ছাড়া মাত্র এক টেস্ট পর স্কোয়াডে পরিবর্তন আনা অস্ট্রেলিয়ান ক্রিকেটে বিরলই বটে। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের হারের পর সেটাই করেছে অজিরা। ওপেনার জ্যাক ওয়েদারাল্ডের বদলে দলে এসেছেন ম্যাট রেনশ। পরের টেস্ট রেনশর ওপরই ভরসা রাখছেন অজি কিপার অ্যালেক্স ক্যারি।
প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ওয়েদারাল্ডের পরিবর্তে ৩ বছর পর দলে ফিরেছেন রেনশ। নির্বাচকদের এমন ‘অভূতপূর্ব’ সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন উইকেটকিপার ক্যারি।
ক্যারি বলছেন, রেনশর ওপর পূর্ণ ভরসা আছে তাদের, ‘সে আন্তর্জাতিক ক্রিকেটে আগেও খেলেছে, যদিও সেটা অনেক আগে। তার উন্নতিটা আমি দেখেছি। মানসিকভাবে সে ভালো জায়গায় আছে। গত কয়েক বছরে যত চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, সেগুলো সে ভালোভাবেই সামলেছে। সে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আরও একটি সুযোগ পেয়েছে, অবশ্যই এটা লুফে নিতে মুখিয়ে আছে। শিল্ডে গত মৌসুমে দারুণ খেলেছে। আমরা সবাই জানি সে কতটা ভালো খেলোয়াড়। এই গ্রুপে সে বেশ ভালোভাবে এসেছে। আশা করি হেডের সঙ্গে ওপেনিংয়ে সঙ্গে সে ভালোই করবে।’
ওয়েদারাল্ডের প্রতি সহানুভূতিও জানিয়েছেন ক্যারি, ‘দল থেকে যখন কেউ বাদ পড়ে, সেটা আসলে সবসময়ই কঠিন ব্যাপার। তবে এটাই ক্রিকেট। তাকে আমি বার্তা দিয়েছি এবং আমার সহানুভূতি জানিয়েছি। আশা করছি সে দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে এবং আমাদেরকে আরও একটি ফাইনালে নিয়ে যেতে পারবে। তার বয়স ৩০ এর ঘরে এবং দারুণ প্রতিভাও রয়েছে।’






