কাউন্টি চুক্তি পেলেন বাদ পড়া সেই ওয়েদারাল্ড

সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ডারউইন টেস্টের পর তাই অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। তবে এই খারাপ সময়ে তিনি পেলেন এক সুসংবাদ। ওয়ারউইকশায়ারের হয়ে পরের মৌসুমে কাউন্টি খেলার প্রস্তাব পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
প্রায় ১০ বছর অপেক্ষার পর গত অ্যাশেজ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল ওয়েদারাল্ডের। ওই সিরিজে অবশ্য খুব ভালো কিছু করতে পারেননি তিনি। মাত্র একটি ফিফটি পেলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার ওপর ভরসা রেখেছিলেন নির্বাচকরা।
তবে ডারউইন টেস্টে আবারও হতাশ করেছেন ওয়েদারাল্ড। প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরার পর ম্যাকাই টেস্টের আগে স্কোয়াড থেকে বাদ পড়েন এই ওপেনার। আবার কবে টেস্ট দলে ফিরবেন, সেও নিশ্চিত নন।
এমন কঠিন সময়ে ওয়েদারাল্ড পেলেন সুসংবাদ। সামনের মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি খেলবেন তিনি। এবারের মৌসুমের শুরুর দিকে লেস্টারশায়ারের হয়ে খেলেছেন তিনি। ৬০.৩৭ গড়ে ৯ ইনিংসে ৪৩৭ রান করেছেন এই ওপেনার।
পরের মৌসুমেও কাউন্টি খেলা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত ওয়েদারাল্ড, ‘২০২৭ মৌসুমের জন্য ওয়ারউইকশায়ারে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একটি মাঠ এজবাস্টন (ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ) এবং এমন একটি মর্যাদাপূর্ণ কাউন্টির প্রতিনিধিত্ব করার সুযোগ আমি হাতছাড়া করতে পারতাম না। ওয়ারউইকশায়ারের গৌরবময় ইতিহাস রয়েছে এবং দলটি প্রতিভায় ভরপুর। মাঠের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই অবদান রাখার জন্য মুখিয়ে আছি আমি।‘






