শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার দাপট, হোয়াইটওয়াশ বাংলাদেশ

সংগৃহীত ছবি
ব্রিসবেনে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মেগান শাটের দুর্দান্ত বোলিংয়ে ১৮ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন মাত্র ৩ রান। সোবহানা মোস্তারির ফেরার পর আরও চাপর পড়ে সফরকারীরা। এরপর শারমিন আক্তার ও শর্না আক্তার দলের হাল ধরেন।
শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। অন্য প্রান্তে শর্না খেলেন ৭১ বলে ৫৪ রানের ইনিংস। তাদের দুজনের ফিফটিতে দেড় শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। শেষদিকে ২৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন দিশা বিশ্বাস। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে শাট ১৬ রানে ৪ উইকেট নেন। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার পান ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় অস্ট্রেলিয়া। এলিস পেরি ও সাদারল্যান্ডের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। পেরি ৬৪ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে সাদারল্যান্ড মাত্র ৫২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে ৭ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছিল অজিরা।



