এবার ১০০ রানের আক্ষেপ

আগে ২০-৩০ রান কম হতো বলে আক্ষেপ করতেন বাংলাদেশ অধিনায়করা। এবার তাওহীদ হৃদয় একেবারে ১০০ রান না হওয়ার আক্ষেপ করলেন। তাতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আরও বেশি স্পষ্ট।
আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ফাইনাল ওঠা হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই কয়েকটি উইকেট হারানোই ব্যাটিংয়ে বড় ধ্বসের কারণ বলে মনে করছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, ব্যাটিং ইউনিট হিসেবে আরও উন্নতির জায়গা রয়েছে।
দলের ব্যাটিং ব্যর্থতায় প্রায় ১০০ রান কম হয়েছে বলেও মনে করেন হৃদয়। তার মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো ছিল, ‘সত্যি বলতে, আমরা ১০০ রান মিস করেছি। উইকেটটা খুব ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। তাই আগেও যেমন বলেছি, আমাদের টপ অর্ডারে রান করতে হবে এবং বড় স্কোর দাড় করাতে হবে।’
ম্যাচ শেষে তাওহীদ হৃদয় আরও যোগ করেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কিছু ভুল করেছি। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়েছি, আমার মনে হয় এটাই মূল কারণ। এ নিয়ে পরে আলোচনা করা যাবে। তবে আগেও বলেছি, আমাদের টপ অর্ডারে রান করতে হবে। তা না হলে আপনি (দল) টিকে থাকতে পারবেন না। আমরা এ নিয়ে কাজ করব।’
ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন দেখছেন হৃদয়। তবে ভুলগুলো শুধরে নেওয়ার জন্য দলের হাতে সময় আছে বলেই মনে করেন তিনি। হৃদয়ের ভাষায়, ‘সত্যি বলতে আমরা অনেক কিছু শিখতে পারি। ব্যাটিং ইউনিট হিসেবে তো বটেই, ফিল্ডিংয়েও কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমাদের হাতে সময় আছে। আশা করি, এসব সমস্যা কাটিয়ে উঠতে পারব।’



