মাহিদুল-আমিনুলের অসাধারণ প্রতিরোধে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ড্র

একাই ৩৪.৫ ওভার ব্যাট করেন মাহিদুল। ছবি: ফাইল ছবি
শুদ্ধ টেস্ট ক্রিকেট বলতে যা বোঝায়, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে সেটিই দেখাল বাংলাদেশ ইমার্জিং দল। প্রায় অসম্ভব এক সমীকরণ সামনে রেখে ব্যাটারদের অবিশ্বাস্য ধৈর্য ও দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ। যেন অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের বীরত্ব গাঁথা ছুঁয়ে গেছে দক্ষিণ আফ্রিকায় থাকা দলটিকে।
ম্যাচের শেষ দিনে ৪১১ রান তাড়ায় নেমে ২৫.৩ ওভারে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। হাতে থাকা প্রায় ছয় ঘণ্টার খেলায় জয়ের জন্য প্রয়োজন ছিল প্রায় সাড়ে তিনশ রান। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পরাজয় ছিল সময়ের অপেক্ষা। কিন্তু ভিন্ন গল্প লিখলেন মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব ও নাইম হাসান।
বাংলাদেশের হয়ে প্রায় পুরো ছয় ঘণ্টাই ক্রিজে কাটান মাহিদুল অঙ্কন। ২০৭ বল মোকাবিলা করে মাত্র ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। অর্থাৎ, একাই ৩৪.৫ ওভার ব্যাট করে প্রতিপক্ষের বোলারদের হতাশ করেছেন এই ব্যাটার। তাঁর ইনিংসের মূল সৌন্দর্য ছিল রান নয়, বরং অসাধারণ ধৈর্য ও উইকেট আঁকড়ে থাকার মানসিকতা।
অন্য প্রান্তে আমিনুল ইসলাম বিপ্লবও প্রায় চার ঘণ্টা ব্যাটিং করেন। ১৪৭ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষদিকে নাইম হাসান ৭৯ বলে ৪৭ রান করে প্রতিরোধ আরও শক্ত করেন।
সব মিলিয়ে শেষ ছয় ঘণ্টায় ৬৭.৩ ওভার ব্যাট করে মাত্র ১৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ, হারায় মাত্র একটি উইকেট। অবিশ্বাস্য এই প্রতিরোধেই নিশ্চিত হয় ম্যাচের ড্র।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথম ইনিংস: ৫১৯/৫ ডিক্লে.। বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস: ২৩৯/১০। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দ্বিতীয় ইনিংস: ১৩০/৪ ডিক্লে.। বাংলাদেশ ইমার্জিং দল দ্বিতীয় ইনিংস: (জয়ের লক্ষ্য ৪১১) ৯৩ ওভারে ২৪৪/৬)। ফলাফল : ম্যাচ ড্র।






