এশিয়ান গেমস
শেষ মুহূর্তে পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন

সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। ইনজুরির কারণে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন তারা। আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার সালমান মির্জা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
আঙুলের চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার সালমান। এই বাঁহাতি পেসারের চোটের কারণে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। গত জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। বেশ কয়েক মাস পর এবার এশিয়ান গেমস দিয়ে আবারো দলে ফিরলেন এই পেসার।
এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান। তার সহকারী হিসেবে আছেন আবদুল সামাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন সাদ মাসুদ, আলি রাজা, আকিফ জাভেদ ও মাজ সাদাকাত।
ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তান। আগামী সোমবার শুরু হবে তাদের মাঠের লড়াই। যদিও প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা। তবে ২০১৪ সালের আসর এবং সর্বশেষ আসরে বাংলাদেশের কাছে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে যায় পাকিস্তান।
এশিয়ান গেমসের পাকিস্তান স্কোয়াড :
সাহিহজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম, উসমান খান।



