দুই দিনে টেস্ট শেষ হলেও পিচ পাচ্ছে ‘সেরা’ রেটিং

সংগৃহীত ছবি
৩০ উইকেট। মাত্র ১২৫ ওভার। প্রতি ২৫ বলে একটি করে উইকেটের পতন আর দুই দিনেই শেষ পুরো একটি টেস্ট ম্যাচ! তারপরও ম্যাকাইয়ের পিচটি নাকি পেতে যাচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য গ্রেডিং।
‘সেভেন ক্রিকেট’-এর প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের পিচকে ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন “ভেরি গুড” (খুব ভালো) গ্রেড দিতে যাচ্ছেন।
পিচের সম্ভাব্য চারটি গ্রেডিংয়ের মধ্যে ‘ভেরি গুড’-ই সর্বোচ্চ। এর মান নির্ণয়ে বলা হয়েছে,‘এই ধরনের পিচে শুরুর দিকে ভালো ক্যারি, সীমিত মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স থাকে, যা ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াইয়ের সুযোগ তৈরি করে।’
অস্ট্রেলিয়া দুই দিনে টেস্টটি জিতলেও জশ হ্যাজলউড মনে করেন, এত দ্রুত ম্যাচ শেষ হওয়ার জন্য পিচকে এককভাবে দায়ী করা যায় না। ফক্স ক্রিকেটে ধারাভাষ্যে থাকা অ্যাডাম গিলক্রিস্টকে হ্যাজলউড বলেন, ‘হ্যাঁ, উইকেট বেশ ভালোই ছিল। আমার মনে হয় না এটি দুই দিনে শেষ হওয়ার মতো উইকেট ছিল। পিচে লড়াই করার মতো যথেষ্ট উপাদান ছিল। প্রথম দিনে হালকা মুভমেন্ট ছিল, যা প্রায় সব টেস্ট ম্যাচেই স্বাভাবিক। তবে বলের চকচকে ভাবটা চলে যাওয়ার পর আর তেমন মুভমেন্ট পাওয়া যায়নি। মাঠে যা দেখা গেছে, উইকেট তার চেয়েও ভালো ছিল।’
এর আগে পার্থ স্টেডিয়ামে অ্যাশেজের উদ্বোধনী টেস্টটি মাত্র দুই দিনে শেষ হয়ে গিয়েছিল। এত দ্রুত ম্যাচ শেষ হলেও পার্থ স্টেডিয়ামের সেই উইকেটকে সর্বোচ্চ রেটিং দেওয়া হয়েছিল।
সে সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধান জেমস অ্যালসপ বলেছিলেন, ‘ম্যাচ রেফারির ভেরি গুড রেটিং আমাদের এই বিশ্বাসকেই সমর্থন করে যে, পার্থ স্টেডিয়াম ব্যাট ও বলের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ পিচ উপহার দিয়েছিল।’
এবার ম্যাকাইও হয়ত পেতে যাচ্ছে একই মূল্যায়ন।






