আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

ছবি: এআই
পবিত্র ঈদুল ফিতরের তারিখ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যাবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য সভা করবে।
আজ যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশে কোথাও চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সেই ক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। ২৯ রমজানের শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজানের শেষে ঈদ উদযাপন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল বুধবার সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আজ বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।
ঈদুল ফিতরের একটি আবশ্যিক আমল হলো সালাতুল ঈদ বা ঈদের নামাজ। ঈদের উৎসব শুরু হয় এই নামাজের মাধ্যমে। ঈদের দিন প্রথম প্রহরে ধনী-দরিদ্র, আমীর-ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে দাঁড়ান। একসঙ্গে আল্লাহর পবিত্রতা ও মহত্ত্ব ঘোষণা করা হয়। এছাড়া পরস্পরের খোঁজখবর নেওয়া এবং কুশল বিনিময় করা হয়। ইসলামে মুসলমানদের এই সম্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঈদগাহের জমায়েতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ঈদের আরেকটি আবশ্যিক আমল হলো সদকাতুল ফিতর। ক্ষমাপ্রাপ্তির খুশি ও রমজানে কৃত আমলের ত্রুটি দূর করতে মুসলমানরা সদকাতুল ফিতর প্রদান করে। সামর্থ্যবান ও সচ্ছল মুসলমানদের জন্য এটি ওয়াজিব। ঈদ উদযাপনকে সার্বজনীন করে তুলতে, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে সদকাতুল ফিতরের বিধান এসেছে।

