আগামীর সময়

ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

সংগৃহীত ছবি

পবিত্র রমজানের শেষপ্রান্তে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে অগণিত মানুষ। এক টুকরো চাঁদ, যার দেখা মিললেই বদলে যায় পুরো আবহ, ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। এই চাঁদ শুধু উৎসবের বার্তা নয়, বরং ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের সঙ্গেও গভীরভাবে জড়িত।

মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

আর রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। আকাশে মেঘ থাকলে ৩০ দিন পূর্ণ করো।’ (বুখারি, হাদিস : ১৯০০)

এই চাঁদ দেখার মুহূর্তটিও যেন ইবাদতে ভরে ওঠে সেজন্যই প্রিয় নবী (সা.) আমাদের শিখিয়েছেন এক সুন্দর দোয়া। নতুন চাঁদ দেখলে তিনি পড়তেন—

اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

উচ্চারণ :
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ :
হে আল্লাহ, তুমি এই চাঁদকে আমাদের জন্য উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)

ঈদের চাঁদ দেখার আনন্দে আমরা অনেক সময় শুধু উৎসবের প্রস্তুতিতেই ব্যস্ত হয়ে পড়ি। অথচ এই ছোট্ট দোয়াটিই পারে সেই আনন্দকে ইবাদতে রূপ দিতে।

    শেয়ার করুন: