আগামীর সময়

‘আমি এখন সেইফ আছি’— দিল্লি থেকে জানালেন সেই মাহদী

‘আমি এখন সেইফ আছি’— দিল্লি থেকে জানালেন সেই মাহদী

মাহদী হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান দিল্লী বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটকের পর ছাড়া পেয়েছেন। এরপর তিনি জানিয়েছেন— আমি এখন সেইফ আছি।

ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন মাহদী নিজেই।

মাহদী বলেন, প্রায় ৪০ মিনিট পুলিশ কাস্টোডিতে রাখার পর তাকে পুনরায় ইমিগ্রেশন দিয়ে ফ্লাইট ধরার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে মাহদী বলেন, আমার সঙ্গে যেসব ঘটনা হয়েছে সেটা বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে বলব। প্রায় ৪০ মিনিটের মতো পুলিশ কাস্টোডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে অ্যাপ্রোচ করা হয়েছে। তারা আমাকে জেলে দিতে চেয়েছিল; আমি জানি না, আমি কী করেছি?

তিনি বলেন, কোনো অবৈধ কিছু করে থাকলে আমার দেশের সাথে যোগাযোগ করেন, অ্যাম্বাসির সঙ্গে যোগোযোগ করেন। তারা কিছুই শুনে নাই। আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার ১২টা ৪০ এ ফ্লাইট। এখন আমাকে রিলিজ করা হয়েছে, ইমিগ্রেশন দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ!’ আমি এখন সেইফ আছি, তাদের সাথে কথা বলেছি।

ভিডিও বার্তায় মাহদী আরও বলেন, এখন তারা স্বীকার করছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন। কিন্তু তারা আমার সাথে খুবই বাজে এপ্রোচ করেছে। তাদের একজন আমাকে ফিজিক্যালি এবিউজ করছিল, বাজে ভাবে টাচ করতিছিল।

মাহদী বলেন, তারা আমাকে এপ্রোচ করেছিল যে, এসআই সন্তোষকে মেরেছি। এজন্য আমার জোর করে আমার ফোন আনলক করেছিল, চেক করেছিল। তারা কি ইন্টারন্যাশনাল পেসেঞ্জারের প্রাইভেসি চেক করতে পারে?

ভিডিও বার্তায় মাহদী হাসান দেশবাসীকে তার আটকের খবরে দুশ্চিন্তা করায় ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ‘বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি’ বলে ওসিকে হুমকির পর বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরের ৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। পরে পরদিন জামিন পেয়ে ছাড়া পান মাহদী।


    শেয়ার করুন: