জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে সময় স্লট চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সই করা একটি লিখিত আবেদন প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সামনে একটি সুস্পষ্ট, দায়িত্বশীল এবং ভবিষ্যৎমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বিটিভির মাধ্যমে দেশজুড়ে একযোগে এই বার্তা পৌঁছে দেওয়াই সবচেয়ে কার্যকর মাধ্যম বলে মনে করছে এনসিপি।
ভাষণের মাধ্যমে নাহিদ ইসলাম জাতির সামনে নতুন রাজনৈতিক স্বপ্ন, নতুন রাজনীতির রূপরেখা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী ইশতেহার তুলে ধরতে চান বলেও আবেদনে জানানো হয়।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, মরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছি। এখনো নির্দিষ্ট কোনো সময় স্লট বরাদ্দ দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি, কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুতই আমাদের জন্য উপযুক্ত স্লট নির্ধারণ করবে।
এনসিপির এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

