‘নতুন শিক্ষামন্ত্রী কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই’

অভিনেতা ইরফান সাজ্জাদ ও এহসানুল হক মিলন
বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। দেশের নতুন সরকার শপথের দিন শিক্ষার্থীদের সতর্ক করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে সাজ্জাদ লেখেন— শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক (এহসানুল হক মিলন) কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।
এই অভিনেতা তার পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লেখেন— ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আ ন ম এহসানুল হক মিলনের পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। তার পূর্ব অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা খাতে কাজের ধারাবাহিকতা তাকে আবারও এই দায়িত্বের জন্য আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। সে সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। দায়িত্বকালীন সময়ে দেশের পাবলিক পরীক্ষায় সিস্টেমে আমূল পরিবর্তন নিয়ে আসেন। নকল ধরতে প্রটোকল ছাড়াই হেলিকপ্টারে চড়ে একইদিনে একাধিক শিক্ষাবোর্ডের অসংখ্য পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতেন।

