নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

সংগৃহীত ছবি
ভোটের আর পাঁচ দিন বাকি। গতকাল করেছেন ইশতেহার ঘোষণা। এর মধ্যে নীলফামারী জনসভার মঞ্চে তারেক রহমান। ফ্যামিলি, কৃষি ও প্রবাসী কার্ডের এই স্বপ্নদ্রষ্টা তার বক্তব্যে বললেন নীলফামারী হবে শিল্পাঞ্চল। সবার আগে গুরুত্ব থাকবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে ছিল তার নির্বাচনী জনসভা।
নীলফামারীতে কলকারখানা স্থাপন করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, নীলফামারীকে শিল্পাঞ্চল হিসেবে গড়া তোলার উদ্যোগ নেওয়া হবে। তরুণদের চাকরির ব্যবস্থা, বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম-বর্ণ ছিল না। ঠিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনেও কোন ধর্ম-বর্ণ ছিল না। আমরা ক্ষমতায় আসলে কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের। এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, জনগণের ক্ষমতার মুল্যায়নের সময় এসেছে এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই। সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।
অভিযোগ করে তারেক রহমান বলেন, ভোটারদের ভয়-ভীতি এমনকি হুমকি দেওয়া হচ্ছে। আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই।
বক্তব্য শেষে বিএনপি চেয়ারম্যান সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন।

