অর্ধকোটিসহ আটক
ঠাকুরগাঁও আমির নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে: জামায়াত

সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলছেন, ‘‘ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না; এটি ছিল তার ব্যবসায়িক টাকা।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ তোলে দলটি। ভোটের আগের দিন ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে (বেলাল উদ্দিন) আটক করা হয়েছে। তবে টাকার পরিমাণ এখনো গণনা চলছে। তিনি বলছেন এটা ব্যবসার টাকা।’
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’
সূত্র জানিয়েছে, বেলাল উদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ঠাকুরগাঁও জেলা আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

